আদিতমারীতে জিংক ধানের মাঠ দিবসে কৃষকদের ব্যাপক সাড়া


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৩-৩১, ২:৩১ PM /
আদিতমারীতে জিংক ধানের মাঠ দিবসে কৃষকদের ব্যাপক সাড়া

সাকিব হাসান সজীব, লালমনিরহাট-

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (আইএফপিআরআই) হারভেস্ট প্লাস প্রোগ্রামের ইএনএফএস প্রকল্পের আয়োজনে জিংক সমৃদ্ধ ব্রি ধান-১০২ নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ শে মার্চ বিকেলে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চন্দনপাট এলাকায় কৃষক জহুরুল ইসলামের উঠানে হারভেস্ট প্লাস নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্টিত হয়।


মাঠ দিবসটি মূলত কৃষকদের মাঝে নতুন প্রযুক্তি ও ফলাফল প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ও সম্প্রসারণমূলক কার্যক্রম। এখানে কৃষকদের সাথে উদ্ভাবনী ধারণা বিনিময় এবং জৈব-পুষ্টিবর্ধিত ফসলের কার্যকারিতা সরাসরি প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে কৃষকদের জমিতে জিংক সমৃদ্ধ ধানের প্রদর্শনী প্লট ঘুরে দেখা, প্রচলিত জাতের সঙ্গে তুলনা, প্রশ্নোত্তর এবং নিজ নিজ জমিতে এই ফসল চাষে উৎসাহিত করার সুযোগ সৃষ্টি করা হয়। মানবদেহে জিংকের গুরুত্ব তুলে ধরে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
মাঠ দিবসে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক, কৃষি সম্প্রসারণ অফিসার মাসুম সালাম নিরব এবং উপ-সহকারী কৃষি অফিসার শ্যামল কুমার সরকার। তারা জিংকের উপকারিতা, ঘাটতির লক্ষণ এবং তা পূরণের উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত এবং উৎপাদন প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

আলোচনায় বলা হয়, দৈনন্দিন খাদ্যে জিংকের অভাব হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, শিশুদের বৃদ্ধি ব্যাহত হয়, মেধা কমে যায় এবং অপুষ্টি ও ডায়রিয়ার ঝুঁকি বাড়ে। বিশেষ করে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের জন্য জিংক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাঠ দিবসের শুরুতে বিকেল ৩টায় উপস্থিত কৃষক-কৃষাণীরা ব্রি ধান-১০২ এর প্রদর্শনী প্লট পরিদর্শন করেন এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।

হারভেস্ট প্লাস বিশ্বব্যাপী বায়োফর্টিফিকেশন প্রযুক্তিতে নেতৃত্ব দিচ্ছে এবং বাংলাদেশে জিংক ধান, জিংক গম ও জিংক-আয়রন সমৃদ্ধ মসুরের সম্প্রসারণে কাজ করছে। বর্তমানে দেশে আমন মৌসুমে ব্রি ধান-৭২ ও বিনা-২০ এবং বোরো মৌসুমে ব্রি ধান-৭৪, ৮৪, ১০০ ও ১০২ এর চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে।