
সাফিউল ইসলাম সাফি | পাটগ্রাম (লালমনিরহাট) -
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের ১নং ওয়ার্ডে মঙ্গলবার (৩১ মার্চ) বেলা সাড়ে বারোটার দিকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মামুন (৪০) নামের এক বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে এক গ্রাহকের বিদ্যুৎ লাইন সংযোগ দিতে গিয়ে ওই মিস্ত্রি বিদ্যুতের খুঁটিতে উঠেন। এ সময় তিনি উচ্চ ক্ষমতাসম্পন্ন ভোল্টেজের বিদ্যুতে আটকা পড়েন।
পরে খুঁটি থেকে পাকা রাস্তার উপর পড়ে গেলে তার কান দিয়ে রক্ত প্রবাহিত হতে থাকে। গুরুতর অবস্থায় তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ইসলাম জানান, বিদ্যুৎ স্পৃষ্ট অবস্থায় রক্তাক্ত অবস্থায় রোগীকে হাসপাতালে আনা হয়। পরে ইসিজি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, তিনি আগেই মারা গেছেন।
নিহত বিদ্যুৎ মিস্ত্রি মামুন দুই কন্যা সন্তানের জনক।