

মোঃ আতাউর রহমান | নাচোল, চাঁপাইনবাবগঞ্জ –
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হেরোইন ও গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছে নাচোল থানাপুলিশ।
ওসি (তদন্ত) এসএম নুরুল কাদের সৈকত জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাচোল থানার এসআই আব্দুল হাইয়ের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে ফতেপুর ইউপির উসির বেলডাঙ্গা চাঁদপাড়া গ্রামের একটি আমবাগানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ১৭ পুরিয়া (প্রায় ৩ গ্রাম) হেরোইন ও ১৩০ গ্রাম গাঁজা বেচাকেনার সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন—উসির বেলডাঙ্গা গ্রামের মহশিন আলীর ছেলে রশিদুল ইসলাম কালু (২২), ইসলামপুর খৈন্ধা গ্রামের মৃত আয়েশ উদ্দীনের ছেলে আব্দুল আলিম (৩৫), চাঁদপাড়া গ্রামের ইসরাফিলের ছেলে তাইজুল ইসলাম ভোলা (৪৫) এবং একই গ্রামের মৃত একরামুল হকের ছেলে ইউসুফ আলী (৩২)।
পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছে।
বুধবার তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :