
মো. আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে পূর্ব শত্রুতার জেরে মাছের ঘের দখলকে কেন্দ্র করে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী জানান, প্রথমে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপরও পরিস্থিতি না থেমে তার কর্মচারীদের মারধর, মাছ লুটপাট এবং ঘেরের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ঘেরের বাসাটি সম্পূর্ণ পুড়ে যায়।
অভিযোগ সূত্রে জানা যায়, রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের গিলাতলা এলাকার বাসিন্দা শেখ ইমরোজ দীর্ঘদিন ধরে নিজ মালিকানাধীন মাছের ঘেরে চাষাবাদ করে আসছেন। পূর্ব বিরোধের জেরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তার ঘের দখলের চেষ্টা চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে বিবাদী হিসেবে শেখ রাজু, হাওলাদার ইকবাল হোসেন বাবু, সরদার হুরাই, সরদার নাইমসহ আরও অজ্ঞাতনামা কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গত ৩ এপ্রিল দিবাগত রাতে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধভাবে ঘেরে প্রবেশ করে। এ সময় তারা পাহারাদার কর্মচারীদের মারধর করে এবং বিক্রির জন্য সংরক্ষিত মাছ লুটপাট করে। পাশাপাশি ঘেরের বসতঘরে অগ্নিসংযোগ করা হয়। এতে প্রায় ৪০ কেজি চিংড়ি লুটপাট করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।
এর আগে নিরাপত্তাহীনতার আশঙ্কায় ভুক্তভোগী রামপাল থানায় একটি জিডি দায়ের করেন। পরবর্তীতে পুনরায় এ ধরনের ঘটনা ঘটায় তিনি লিখিত অভিযোগ দাখিল করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী আরও অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন করে আসছে এবং ঘের দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা হলেও তা সফল হয়নি।
এ বিষয়ে রামপাল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।