

আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর):
গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নে স্কুলগামী এক ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় এক ব্যবসায়ীর পরিবারের ওপর বর্বরোচিত হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় ওই ব্যবসায়ী ও তার বৃদ্ধ পিতাসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। এসময় হামলাকারীরা নগদ প্রায় দেড় লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে।
রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলার গোসিংগা ইউনিয়নের পেলাইদ গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ শরীফ মিয়া (৩৭) বাদী হয়ে একই গ্রামের ৬ জনের নাম উল্লেখ করে শ্রীপুর মডেল থানা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পেলাইদ গ্রামের ১নং বিবাদী মোঃ একলাছ (২০) দীর্ঘদিন ধরে শরীফ মিয়ার কিশোরী ভাতিজিকে স্কুলে যাওয়ার পথে কুপ্রস্তাব ও ভয়ভীতি দেখিয়ে আসছিল। ইতিপূর্বে তাকে জোরপূর্বক অপহরণের চেষ্টাও করা হয়। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় বিবাদীরা শরীফ মিয়ার পরিবারের ওপর ক্ষিপ্ত ছিল।
এরই ধারাবাহিকতায় রোববার সকাল পৌনে ১০টার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বিবাদীরা শরীফ মিয়ার বাবার মুদি দোকানের সামনে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা শরীফ মিয়াকে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে কোপ দিলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে তার নাকের ওপর লাগে এবং তিনি রক্তাক্ত জখম হন। এসময় তাকে বাঁচাতে আসা তার বৃদ্ধ পিতা মফিজ উদ্দিনকেও (৬০) লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা শরীফ মিয়ার পকেট থেকে ১ লক্ষ ৪৭ হাজার টাকা এবং দোকানের ক্যাশ বাক্স থেকে ৭ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয়। আহতদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করেন।
এ বিষয়ে ভুক্তভোগী শরীফ মিয়া বলেন, “আমার ভাতিজিকে উত্যক্ত করার প্রতিবাদ করায় তারা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে। আমি ও আমার বৃদ্ধ বাবা বর্তমানে চিকিৎসাধীন। আমরা প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার ও আমাদের জীবনের নিরাপত্তা চাচ্ছি।”
শ্রীপুর মডেল থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :