বড়াইগ্রামের খ্রিস্টান ধর্মপল্লীগুলোতে ইস্টার সানডে পালিত


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৪-০৫, ৭:৫৭ PM /
বড়াইগ্রামের খ্রিস্টান ধর্মপল্লীগুলোতে ইস্টার সানডে পালিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের ৬টি খ্রিস্টান ধর্মপল্লীগুলোতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ইস্টার সানডে। রবিবার জেলার সবচাইতে বড় খ্রিস্টান ধর্মপল্লী বনপাড়া লুর্দের রানী মা মারীয়া ক্যাথলিক চার্চে সকাল ৭টায় ও সকাল ৯টায় পৃথক দুইটি প্রধান খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়। এই খ্রিস্টযাগ পরিচালনা করেন প্রধান পাল-পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা, সহকারী পাল পুরোহিত ফাদার ডক্টর শংকর ডমিনিক গমেজ, ফাদার নিখিল এন্ড্রু গমেজ ও ফাদার আলবার্ট বকুল ক্রুশ। এছাড়া উপজেলার বোর্ণী, মানগাছা, গোপালপুর, ভবানীপুর, কুমুল্লু ক্যাথলিক চার্চে প্রধান খিস্টযাগ অনুষ্ঠিত হয়।

খ্রিস্টান ধর্মের বিশ্বাস মতে, যীশু খ্রিস্ট ৪০ দিন যাতনা ভোগ করার পর ক্রুশবিদ্ধ অবস্থায় তাঁর জীবন ত্যাগ করেন এবং এর তৃতীয় দিবস রবিবারে তিনি পুনরুত্থিত হন। আর এই ৪০ দিন খ্রিস্টান সম্প্রদায়ের অনুসারীরা উপবাস (রোজা) পালন করেন এবং পুনরুত্থানের দিন উৎসবের মধ্য দিয়ে খ্রিস্ট অনুসারীরা ইস্টার সানডে পালন করেন। খ্রিস্টযাগ শেষে খ্রিস্টীয় বিশ্বাসীরা নিজ নিজ এলাকায় সামাজিক বৈঠকে অংশ নেয় এবং আত্মীয়-স্বজনদের বাড়িতে আনন্দ ও খাবার আয়োজনে মিলিত হয়।