

ইমরান হোসেন, যশোর জেলা প্রতিনিধি:
“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল ২০২৬) কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর-এর তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-এর পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন ফিতা কেটে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞান প্রকল্প ঘুরে দেখেন এবং তাদের কাজের প্রশংসা করেন।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়, হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজ, গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা।
মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের বৈজ্ঞানিক উদ্ভাবনী ও সৃজনশীল প্রকল্প প্রদর্শন করে, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ।
আপনার মতামত লিখুন :