ভোলায় হাসপাতালে রোগী ধর্ষণ, যুবক আটক


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৪-০৮, ৩:২১ PM /
ভোলায় হাসপাতালে রোগী ধর্ষণ, যুবক আটক

মোঃ তুহিন ফরাজী (ভোলা):
ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারী রোগীকে ধর্ষণের অভিযোগে আরিফ হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে হাসপাতালের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। পরে দুপুরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
আটক আরিফ হোসেন লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গল শিকদার এলাকার নসু হাওলাদারের ছেলে। তিনি হাসপাতাল সংলগ্ন একটি ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাসিন্দা। কয়েকদিন আগে তিনি হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সকালে পানি আনতে নিচে গেলে অভিযুক্ত আরিফ তাকে দ্রুত ডাক্তার দেখানোর কথা বলে কৌশলে তৃতীয় তলায় নিয়ে যান।
এরপর সেখানে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান জানান, ভুক্তভোগী নারী মারামারির ঘটনায় আহত হয়ে ২–৩ দিন আগে হাসপাতালে ভর্তি হন। এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।
অভিযুক্তকে দ্রুত পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় ভোলা জেলায় উত্তেজনা বিরাজ করছে এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।