
মোসফিকা আক্তার, নওগাঁ--“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত হচ্ছে। সোমবার (২৮ এপ্রিল) জেলা জজ কোর্ট প্রাঙ্গণে দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
সকালে আদালত প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে বিচারক, প্রশাসনের কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রোকনুজ্জামান। বক্তারা সরকারি আইনগত সহায়তার গুরুত্ব, দরিদ্র মানুষের ন্যায়বিচার প্রাপ্তি এবং বিচারপ্রার্থীদের অধিকার বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বিচারকবৃন্দ, সরকারি কৌঁসুলি, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে লিগ্যাল এইড মেলায় সরকারি-বেসরকারি সংস্থাগুলো অংশ নিয়ে বিনামূল্যে আইনগত পরামর্শ, মামলা সংক্রান্ত তথ্য ও বিরোধ নিষ্পত্তির দিকনির্দেশনা প্রদান করে। এছাড়া রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিবসটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
বক্তারা জানান, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করতে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করছে।