কেশবপুরে প্রতিবন্ধীর সম্পত্তি আত্মসাতের অভিযোগ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৪-২৮, ৩:৫৯ AM /
কেশবপুরে প্রতিবন্ধীর সম্পত্তি আত্মসাতের অভিযোগ

ইমরান হোসেন, যশোর জেলা প্রতিনিধি
যশোরের কেশবপুরে শ্রবণ ও বাকপ্রতিবন্ধী ভাই-বোনের পৈতৃক সম্পত্তি আত্মসাৎ, প্রতারণা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আমিনুর রহমান মুকুল। সোমবার দুপুরে কেশবপুর নিউজ ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি তার প্রতিবন্ধী ভাই কুদ্দুসুর রহমান ও বোন নারগিস নাহারের পক্ষে এসব অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার সৎ ভাই আরিফুর রহমান সবুজ ও তার স্ত্রী হাসিনা বেগম দীর্ঘদিন ধরে সহজ-সরল প্রতিবন্ধী ভাই-বোনের ওপর মানসিক ও অর্থনৈতিক নির্যাতন চালিয়ে আসছেন।
তিনি জানান, গত ২১ এপ্রিল কেশবপুর রেজিস্ট্রি অফিসে প্রতারণার মাধ্যমে বগা মৌজার ২০১ নম্বর খতিয়ানের ২৫৭ নম্বর দাগের ১০ শতক জমি সোহাগ মোড়ল নামে এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়। জমিটির বর্তমান বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
এছাড়া, এর আগেও অভিযুক্ত সবুজ প্রতারণার মাধ্যমে বগা, রেজাকাটি ও পাটকেলঘাটা মৌজায় অবস্থিত প্রায় ১ বিঘা ৩৪ শতক পৈতৃক জমি বিক্রি করে আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী ভাই-বোনের কাছ থেকে ১ ভরি ১১ আনা ওজনের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে সাতক্ষীরার পাটকেলঘাটার একটি জুয়েলার্সে প্রায় ১ লাখ টাকায় বন্ধক রাখা হয়েছে।
আমিনুর রহমান মুকুল বলেন, “যখনই আমার প্রতিবন্ধী ভাই-বোন তাদের প্রাপ্য টাকা বা স্বর্ণ ফেরত চান, তখনই সবুজ তাদের প্রাণনাশের হুমকি দেন। তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।”
তিনি যশোরের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং কেশবপুর থানা প্রশাসনের কাছে দ্রুত তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযুক্ত আরিফুর রহমান সবুজ মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না। যা হয়েছে, সব আমার মা করেছেন।”
সংবাদ সম্মেলনে কুদ্দুসুর রহমান, নারগিস নাহার এবং মো. ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।