
পারভেজ হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরশহরের রঘুনাথপুর এলাকার প্রবাসী আনসারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি হয়েছে। একসময় বিভিন্ন গাড়ির চালক হিসেবে কাজ করা আনসার যুক্তরাষ্ট্রের ডিভি লটারি পেয়ে বিদেশে পাড়ি জমান। এরপর অল্প সময়ের মধ্যেই অর্থবিত্ত ও প্রভাবশালী পরিচয়ের আড়ালে বেপরোয়া জীবনযাপনে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
স্থানীয় সূত্র ও একাধিক ব্যক্তির দাবি, যুক্তরাষ্ট্রে যাওয়ার পর থেকেই আনসার নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক, ইমুতে অশালীন ভিডিও কল এবং বিভিন্ন নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে বারবার আলোচনায় আসেন। অভিযোগ রয়েছে, বিদেশি পরিচয় ও আর্থিক প্রভাব দেখিয়ে তিনি বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করতেন।
এলাকাবাসীর ভাষ্য, আনসারের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে অনৈতিক যোগাযোগের অভিযোগ দীর্ঘদিনের। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার ব্যক্তিগত আচরণ নিয়ে নানা আলোচনা রয়েছে। কয়েক বছর আগে পারিবারিক একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তার পারিবারিক জীবনেও ভাঙন দেখা দেয় বলে স্থানীয়রা জানান।
আরও অভিযোগ রয়েছে, সমাজসেবা ও এলাকার উন্নয়নের কথা বলে তিনি প্রবাসীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করলেও সেই অর্থের স্বচ্ছ হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, সংগৃহীত অর্থের একটি অংশ ব্যক্তিগত ভোগ-বিলাস, জমি ক্রয় এবং ব্যক্তিগত সম্পর্ক রক্ষায় ব্যয় করা হয়েছে।
এছাড়া সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার, অশালীন আচরণ এবং রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়দের একাংশের দাবি, যখন যে দল ক্ষমতায় থাকে, তিনি সেই দলের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেন।
তবে এসব অভিযোগের বিষয়ে আনসারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
সচেতন মহল বলছে, প্রবাসী পরিচয়ের আড়ালে কেউ যদি প্রতারণা, সামাজিক অবক্ষয় বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা।