
মোঃ আকাশ উজ্জামান শেখ,রামপাল উপজেলা প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলার উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানির সংকট নিরসনে “সোলার পাওয়ারড সেফ ওয়াটার ফর কোস্টাল কমিউনিটিজ” প্রকল্পের শুভ উদ্বোধন করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রাম। স্থানীয়দের জন্য নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিত করতে নেওয়া এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন অতিথিরা।
শনিবার (০৯ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন, ওয়ার্ল্ড ভিশন সাউদার্ন বাংলাদেশ ক্লাস্টারের ডেপুটি ডিরেক্টর জেনি মিলড্রেড ডি ক্রুজ, সার্কেল এএসপি মোঃ রেফাতুল ইসলাম, রামপাল এরিয়া কো-অর্ডিনেশন সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইমরান হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত পাল এবং পরিবেশকর্মী ও সাবেক মোংলা উপজেলা ভাইস চেয়ারম্যান নূর আলম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, রামপাল থানার অফিসার ইনচার্জ মোঃ রাজিব আর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফানিজ ফাতেমা শেফা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রামের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের ওয়াশ কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সচেতন মহলের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “উপকূলীয় অঞ্চলের মানুষের দীর্ঘদিনের অন্যতম বড় সমস্যা নিরাপদ পানির অভাব। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। নিরাপদ পানি নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “এককভাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে এ সংকট সমাধান সম্ভব নয়। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন করা সম্ভব। সরকারও এ ধরনের মানবিক উদ্যোগের পাশে থাকবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, উপকূলীয় অঞ্চলে দীর্ঘদিন ধরে লবণাক্ত পানির কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে জীবনযাপন করে আসছে। বিশেষ করে সুপেয় পানির সংকট স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলেছে। এ পরিস্থিতিতে সৌরবিদ্যুৎচালিত নিরাপদ পানি সরবরাহ প্রকল্প স্থানীয়দের মাঝে আশার আলো তৈরি করেছে।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথোন চৌকিদার এবং প্রোগ্রাম অফিসার ইশিতা বৌরাগী।