
নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইল সদর উপজেলায় মক্তবে পড়তে যাওয়া এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মোঃ আমিনুল ইসলাম ওরফে জামিল (৫৭) উপজেলার বিছালী ইউনিয়নের রুখালী গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে এবং চাকই পশ্চিমপাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশ জানায়, শুক্রবার (৮ মে) উপজেলার চাকই বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে অভিযোগ জানাজানির পর স্থানীয় জনতা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন ফজরের নামাজের পর মসজিদের বারান্দায় এলাকার শিশুদের আরবি শিক্ষা দিতেন অভিযুক্ত ইমাম। অভিযোগ রয়েছে, মক্তবে পড়তে যাওয়া কয়েকজন শিশুর সঙ্গে তিনি অনাকাঙ্ক্ষিত আচরণ করতেন।
ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ অনুযায়ী, গত ৫ মে এক শিশুকে চকলেট দেওয়ার কথা বলে ঘরের ভেতরে ডেকে নিয়ে অনৈতিক আচরণ করা হয়। পরে শিশুটি বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। এরপর অন্য শিশুদের কাছ থেকেও একই ধরনের অভিযোগ পাওয়া গেলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
পরবর্তীতে স্থানীয়রা অভিযুক্তের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, “শিশুদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।