

রাজশাহী প্রতিনিধি–রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) বিকালে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে এই ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আশা প্রকাশ করেন, এ প্রতিযোগিতার মাধ্যমে গড়ে ওঠা ক্ষুদে খেলোয়াড়রাই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা উজ্জ্বল করবে।
বিজয়ী ও অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যারা বিজয়ী হয়েছে তাদের শুভেচ্ছা জানাই এবং যারা অংশগ্রহণ করেছে, তারা ভবিষ্যতে দেশের নেতৃত্ব ও ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে উন্নত প্রশিক্ষণের সুযোগ এবং বিকেএসপিতে ভর্তিতে অগ্রাধিকার দেওয়া হবে।
রাজশাহীর ক্রীড়া অবকাঠামো উন্নয়নের বিষয়ে তিনি বলেন, জাতীয় স্টেডিয়ামটির নাম বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের নামে নামকরণ করা হবে এবং সেখানে দ্রুত ফ্লাডলাইট স্থাপনসহ সংস্কার কার্যক্রম নেওয়া হবে। পাশাপাশি রাজশাহীতে আন্তর্জাতিক ফুটবল, টি-টোয়েন্টিসহ বিভিন্ন খেলাধুলার আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন ও অধ্যাপক নজরুল ইসলাম, আরএমপি’র অতিরিক্ত কমিশনার আল মামুন এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার, ক্রেস্ট, সনদ ও ট্রফি তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিনটন, দাবা, মার্শাল আর্ট ও সাঁতারসহ বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছে।
আপনার মতামত লিখুন :