মসজিদ কমিটি বিরোধে নড়াইলে সংঘর্ষ, আহত অন্তত ১২


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৫-২৩, ৬:৫৬ PM /
মসজিদ কমিটি বিরোধে নড়াইলে সংঘর্ষ, আহত অন্তত ১২

খালিদ হাসান, নড়াইল সদর

নড়াইলে মসজিদের কমিটি গঠন ও মক্তবের জন্য মহল্লা থেকে সাপ্তাহিক চাল তোলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (২২ মে) সকালে নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া ব্যবসায়ীপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের নড়াইল জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া ব্যবসায়ীপাড়া (বনিকপাড়া) জামে মসজিদের কমিটি গঠন এবং মসজিদের জন্য মহল্লা থেকে সাপ্তাহিক চাল (মুষ্টির চাল) আদায়কে কেন্দ্র করে একই এলাকার আলম ও মেজবাহ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

শুক্রবার সকালে বিষয়টি মীমাংসার জন্য বৈঠক বসে। উভয় পক্ষের উপস্থিতিতে আলোচনা চলাকালে মতানৈক্য সৃষ্টি হলে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

আহতদের মধ্যে আলম গ্রুপের সিঙ্গিয়া এলাকার মোজাম বিশ্বাসের ছেলে ইস্রাফিল বিশ্বাস, আবু সরমার ছেলে বাদশাহ, দলিল উদ্দিন বিশ্বাসের ছেলে মোচা বিশ্বাস ও তার ভাই লিপন বিশ্বাস, একই এলাকার জিন্না বিশ্বাস ও মো. রাব্বি বিশ্বাসসহ মোট ৮ জন রয়েছেন।

অপরদিকে, মেজবাহ গ্রুপের আহত ৪ জন হলেন সিঙ্গিয়া এলাকার আরব আলী বিশ্বাসের ছেলে মিন্টু বিশ্বাস ও তার ভাই লিটন বিশ্বাস, হোসেন বিশ্বাসের ছেলে মশিয়ার বিশ্বাস এবং হাশেম মোল্লার ছেলে নাসিরুল মোল্লা। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।