নওগাঁয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৫-২৪, ৫:৩৫ PM / ০ Views
নওগাঁয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোসফিকা আক্তার, নওগাঁ:
নওগাঁয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মে) বিকেল সাড়ে ৩টায় নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, নওগাঁ সদর-এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন মাহমুদ।
অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিভিন্ন ক্যাটাগরিতে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে শিক্ষক ও অভিভাবকদের আরও আন্তরিক হতে হবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।