
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও বড় আলমপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ আব্দুর রাজ্জাকের বদলির আদেশ জারি এবং নির্ধারিত সময় পার হওয়ার পরও তিনি বহাল তবিয়তে অফিস পরিচালনা করছেন—এমন অভিযোগে এলাকায় ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে (স্মারক নং- ৪১.০১.০০০০.০০৮.০৮.০১৩.১২.৪১০) দেখা যায়, তালিকার ৪ নম্বরে থাকা মোঃ আব্দুর রাজ্জাককে রংপুরের পীরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা পদ থেকে বদলি করে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, বদলিকৃত কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২৪ মে’র পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে “স্ট্যান্ড রিলিজ” হিসেবে গণ্য করা হবে।
এদিকে, নতুন উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে মোঃ মশিউর রহমান গত ২৪ মে রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেছেন তিনি নিজেই। পীরগঞ্জের সাবেক কর্মকর্তা রাতে পীরগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ে বসে অফিস পরিচালনা করছেন এ বিষয়ে মশিউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি বিষয়টি জানিনা। নিয়ম অনুযায়ী এমন হওয়ার কথা নয়।
কিন্তু অভিযোগ উঠেছে, নতুন কর্মকর্তা দায়িত্ব গ্রহণ করলেও মোঃ আব্দুর রাজ্জাক এখনো পীরগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ে অফিস করছেন এবং বিভিন্ন দাপ্তরিক ফাইল ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ মে রাত প্রায় ৯. ৩০ মিনিট পর্যন্ত তাকে অফিসে অবস্থান করতে দেখা গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে—“স্ট্যান্ড রিলিজ” হওয়ার পরও কোন ক্ষমতাবলে তিনি অফিস পরিচালনা করছেন?
সংশ্লিষ্টদের মতে, বদলির আদেশ কার্যকর হওয়ার পর সাধারণত কর্মকর্তার দাপ্তরিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা। কিন্তু বাস্তবে তার ব্যতিক্রম ঘটায় প্রশাসনিক স্বচ্ছতা ও সরকারি নির্দেশনা বাস্তবায়ন নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কথা বলতে অস্বীকার করছেন। অপরদিকে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুন রাতে অফিস করার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এবিষয়ে রংপুর জেলা সমাজেরসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায় বলেন, রাতে অফিস করার ব্যাপারে আমি জানিনা, আমি ফোন দিয়ে বিষয়টি দেখে সত্যতা পেলে ব্যাবস্থা গ্রহণের আশ্বাস দেন।