
অনলাইন ডেস্ক- লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে সরকারি আদিতমারী কলেজের সাবেক অধ্যক্ষসহ আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
কালীগঞ্জ থানার তথ্য অনুযায়ী, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সরকারি আদিতমারী কলেজের সাবেক অধ্যক্ষ মো. আজিজার রহমান (৬১), উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজের প্রভাষক মো. এরশাদুল হক (৪৯), ভোটমারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আশরাফুল হক (৪০), দলগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য রিপন চন্দ্র রায় (৪২) এবং চন্দ্রপুর ইউনিয়নের লতাবর এলাকার মো. আনোয়ার হোসেন (২৭)।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কালীগঞ্জ থানায় দায়ের হওয়া একটি নাশকতার মামলায় আটক দেখিয়ে শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এদিকে স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে, অভিযানে আরও দুইজনকে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। তারা হলেন কাকিনা ইউনিয়নের কাজিরহাট এলাকার হাসেম আলী (৫০) ও রুদ্রেশ্বর এলাকার রহিম বাদশা (৪০)। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।