প্রিন্ট এর তারিখঃ জুন ১২, ২০২৬, ১২:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৬, ১২:১৬ পি.এম
কালীগঞ্জে ৩ ঘণ্টার আল্টিমেটাম, ওসি প্রত্যাহার দাবি

লালমনিরহাট প্রতিনিধি-
লালমনিরহাটের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিককে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় পাঁচ শতাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজাদ বাবু, সদস্য হুমায়ুন কবীর বাবু, ছাত্রদল নেতা এফ এ দুলুসহ আরও অনেকে। বক্তারা ওসি আবু সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তাকে প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, তিন ঘণ্টার মধ্যে ওসি প্রত্যাহারের ঘোষণা না এলে আন্দোলন আরও তীব্র করা হবে।
অন্যদিকে, কালীগঞ্জ থানা পুলিশের দাবি, সাম্প্রতিক ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা রমজান আলী আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ আজিজার রহমানের ব্যবহৃত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিলেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই গ্রুপটি আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যবহার করতেন এবং সেই সূত্র ধরেই রমজান আলীকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, আটক রমজান আলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীরের আত্মীয় হওয়ায় এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভের সৃষ্টি হয়।
কপিরাইট© মুক্তি মিডিয়া লিমিটেড ২০১৮ সংরক্ষিত।