
মো. আকাশ উজ্জামান শেখ, রামপাল প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বাগেরহাটের রামপাল উপজেলায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রাম (এপি)। পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি বিদ্যালয়ে ১০টি করে মোট ১০০টি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে ভুঁইয়ার কান্দর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রামের চাইল্ড প্রোটেকশন অফিসার লিটন হিউবার্ট কোড়াইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজম মোল্লা। এছাড়া বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, রামপাল এপির সহায়তাকারীগণ এবং শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশ দূষণের কারণে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন বাড়ছে। তাই পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং বেশি বেশি গাছ লাগাতে হবে।
বক্তারা শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ির আঙিনায় অন্তত একটি বনজ ও একটি ফলজ গাছ রোপণের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে এক বক্স করে রং পেনসিল বিতরণ করা হয়। এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ ও ‘খ’ গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ছয়জন শিক্ষার্থীর হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে একটি বনজ ও দুটি ফলজ গাছের চারা রোপণ করা হয়।