
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) সারাদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে উপজেলার তিনটি স্থানে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাজিদা বেগম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাজিদা বেগম বলেন, “এক বছরে এক লাখ এবং পাঁচ বছরে পাঁচ লাখ বৃক্ষরোপণের স্থানীয় লক্ষ্যমাত্রা বাস্তবায়নের মাধ্যমে জাতীয় পর্যায়ের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করা হবে। পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “শুধু সরকারি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগের ওপর নির্ভর করলে চলবে না। প্রত্যেক নাগরিককে নিজ উদ্যোগে গাছ লাগাতে হবে এবং সেগুলোর পরিচর্যা নিশ্চিত করতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে এলে আগামী দিনে আমরা আরও সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে পারব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, বন বিভাগের কর্মকর্তা হুমায়ুন কবির, পৌর সহকারী প্রকৌশলী এএসএম জাবেদ আলী, হিসাবরক্ষক শাহজাহান আলী, প্রধান শিক্ষক ফেরদৌস আলম মানিক, সোহেল রানা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।