
রংপুর প্রতিনিধি
রংপুরে পুষ্টি কার্যক্রমের সমন্বয়, পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে সিটি লেভেল মাল্টিসেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটির (সিএলএমএনসিসি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে এবং নাইস (NICE) প্রকল্পের সহযোগিতায় রবিবার (১৪ জুন) রংপুর সিটি কর্পোরেশনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পুষ্টি বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, সুশীল সমাজ, যুব ও ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করেন।
রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও প্রকল্পের ফোকাল পার্সন রাকিব হাসানের সভাপতিত্বে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য দেন নাইস প্রকল্প, এসএএফ বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক মো. মোশফেকুল আলম তালুকদার।
সভায় বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের উপ-পরিচালক ডা. আখতার ইমাম ২০২৫-২৬ অর্থবছরের পুষ্টি কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। তিনি এক বছরের পুষ্টি কার্যক্রমের অর্জন, চ্যালেঞ্জ এবং রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে কার্যক্রম পর্যবেক্ষণের বিভিন্ন দিক উপস্থাপন করেন। একই সঙ্গে পুষ্টি উন্নয়নে বহুমাত্রিক সমন্বয়ের গুরুত্বের ওপর জোর দেন।
সভায় রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ছাড়াও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, নিরাপদ খাদ্য কর্মকর্তা, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি, জেলা খাদ্য নিয়ন্ত্রক, কৃষি বিভাগ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শিক্ষা বিভাগ, যুব উন্নয়ন অধিদপ্তর, বারটান, গণমাধ্যমকর্মী, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, নিউট্রিশন ফার্মার্স হাব এবং বিভিন্ন উন্নয়ন সংস্থা ও নারী-যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী বলেন, সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও একটি সুস্থ ও সক্ষম নতুন প্রজন্ম গড়ে তুলতে সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের গর্ভবতী মা ও নবজাতকদের পুষ্টি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন। বিশেষ করে নগরীর ৬৫টি বস্তিসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সমন্বিত ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের মাধ্যমে দৃশ্যমান পরিবর্তন নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, পুষ্টি উন্নয়ন শুধু স্বাস্থ্য খাতের দায়িত্ব নয়; কৃষি, শিক্ষা, খাদ্য ও স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সকল খাতের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
সভায় অংশগ্রহণকারীরা নগর এলাকার পুষ্টি পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন এবং সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভার সঞ্চালনা করেন নাইস প্রকল্প, ইএসডিও-এর প্রকল্প সমন্বয়ক প্রত্যয় চ্যাটার্জ্জী। এছাড়া এসএএফ বাংলাদেশ ও ইএসডিও-নাইস প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি সভার সমাপ্তি ঘোষণা করেন।