রংপুরের পীরগঞ্জ উপজেলায় দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য চালু হওয়া ফ্যামিলি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপস্থিত ছিলেন রংপুর-৫ ও ৬ (মিঠাপুকুর-পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য জেবা আমিন খান, রংপুর-৬ পীরগঞ্জ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য মাওলানা নূরুল আমিন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমূখ।
, উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী পলাশ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপকারভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রথম পর্যায়ে উপজেলার চতরা ইউনিয়নের ৬৬৫ জন সুবিধাভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়েছে। এ কার্ডের মাধ্যমে প্রকৃত দরিদ্র পরিবারগুলোকে একটি সমন্বিত তথ্যভান্ডারের আওতায় এনে খাদ্য সহায়তা, আর্থিক সহায়তা এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রদান করা হবে।
জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম বলেন, স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে প্রকৃত উপকারভোগীদের শনাক্ত করে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে উপকারভোগী রিতু মুন্ডা ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ফ্যামিলি কার্ড পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন এবং সরকারের এ উদ্যোগকে দরিদ্র মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে উল্লেখ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে নিম্নআয়ের পরিবারের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে। সংশ্লিষ্টরা আশা করছেন, পাইলট প্রকল্প হিসেবে পীরগঞ্জে সফল বাস্তবায়নের পর দেশের অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।