প্রিপেইড মিটারে দীর্ঘ টোকেন, ভোগান্তিতে সিলেটবাসী


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৬-২১, ২:৫৫ PM /
প্রিপেইড মিটারে দীর্ঘ টোকেন, ভোগান্তিতে সিলেটবাসী

 সিলেট প্রতিনিধি
সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জের পর অস্বাভাবিক দীর্ঘ টোকেন নম্বর পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। রিচার্জের পর ৮০ থেকে ২৪০ ডিজিট পর্যন্ত টোকেন পাঠানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘ এই টোকেন মিটারে প্রবেশ করাতে গিয়ে অনেক গ্রাহক ভুল করছেন, ফলে অনেক ক্ষেত্রে মিটার লক হয়ে যাচ্ছে এবং বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করতে অতিরিক্ত ভোগান্তি পোহাতে হচ্ছে।

গ্রাহকদের অভিযোগ, রিচার্জের পর মোবাইলে প্রায় ২০০ থেকে ২৪০ ডিজিটের টোকেন পাঠানো হচ্ছে। এত দীর্ঘ নম্বর মিটারে ইনস্টল করতে গিয়ে বারবার ভুল হচ্ছে। এতে অনেকের রিচার্জ সম্পন্ন হচ্ছে না এবং মিটার সাময়িকভাবে অচল হয়ে যাচ্ছে। ফলে তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে তাদের।

নগরীর হবিনন্দী এলাকার বাসিন্দা ওয়াসিম আহমদ জানান, মিটারে টাকা রিচার্জের পর প্রায় ২৪০ ডিজিটের একটি টোকেন পেয়েছেন। একাধিকবার চেষ্টা করেও সেটি সঠিকভাবে ইনস্টল করতে পারেননি। এ কারণে তিনি বিদ্যুৎ বিভাগের সহযোগিতা নিয়েও সন্তুষ্ট নন বলে অভিযোগ করেন।

তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দাবি, এটি কোনো ত্রুটি নয়; বরং নতুন বিদ্যুৎ ট্যারিফ কার্যকর করার অংশ হিসেবে অতিরিক্ত টোকেন পাঠানো হচ্ছে। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক বলেন, বিদ্যুতের মূল্যহার পরিবর্তনের কারণে আবাসিক প্রিপেইড মিটারে নতুন ট্যারিফ আপডেট করতে একবারের জন্য দীর্ঘ টোকেন ব্যবহার করতে হচ্ছে। গ্রাহকরা সতর্কতার সঙ্গে টোকেনটি সঠিকভাবে প্রবেশ করালে পরবর্তী রিচার্জে স্বাভাবিক টোকেনই পাবেন।

তিনি আরও জানান, এ বিষয়ে সাহায্যের জন্য আসা গ্রাহকদের সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে।

এদিকে, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) জানিয়েছে, নতুন বিদ্যুৎ ট্যারিফ কার্যকর করতে আবাসিক প্রিপেইড মিটারগুলোতে অতিরিক্ত টোকেন পাঠানো হচ্ছে। এটি কোনো ত্রুটি বা অস্বাভাবিক ঘটনা নয়, বরং নিয়মিত হালনাগাদ প্রক্রিয়ার অংশ।

নেসকোর তথ্য অনুযায়ী, ২২০ ডিজিটের টোকেন সাধারণত প্রতি ২০ ডিজিট পরপর ভাগ করা থাকে। গ্রাহকদের প্রথম ২০ ডিজিট প্রবেশ করে ‘এন্টার’ চাপতে হবে এবং একইভাবে পর্যায়ক্রমে বাকি অংশগুলো প্রবেশ করাতে হবে। সব অংশ সফলভাবে সম্পন্ন হলে মিটারে ব্যালান্স যোগ হবে এবং নতুন ট্যারিফ কার্যকর হবে।