২৩ জুন ঘিরে কেশবপুরে দুই নেতা গ্রেফতার


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৬-২২, ১:২২ PM /
২৩ জুন ঘিরে কেশবপুরে দুই নেতা গ্রেফতার

সাদেক হোসেন, কেশবপুর (যশোর)

কেশবপুর উপজেলায় ২৩ জুনকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (২১ জুন) ভোররাতে উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে মো. মাসুদুজ্জামান (৫৪) ও আব্দুর রশিদ বিশ্বাস (৫৯)-কে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতার মাসুদুজ্জামান উপজেলার কন্দপপুর এলাকার মৃত আফসার আলীর ছেলে। তিনি ৫ নম্বর মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি হিসেবে পরিচিত। তাকে একটি চলমান মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানা গেছে।

অপরদিকে আব্দুর রশিদ বিশ্বাস উপজেলার সাতবাড়িয়া এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে তাকে ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

অভিযানে এসআই শহীদুল ইসলাম ও এসআই রেজাউল ইসলাম অংশ নেন। গ্রেফতারের পর রোববার বেলা দেড়টার দিকে তাদের আদালতের মাধ্যমে যশোর কারাগারে পাঠানো হয়।

এদিকে সালাহউদ্দিন আহমেদ সম্প্রতি আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, বরং ‘মাফিয়া পার্টি’ হিসেবে উল্লেখ করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সরকারি সূত্রের দাবি, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য অস্থিতিশীলতার আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানা গেছে।

সরকারের মতে, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কার্যক্রম বা অন্য কোনো নামে কর্মসূচি পালনের চেষ্টা জনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। এ ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।