
স্টাফ রিপোর্টার
স্বাস্থ্যসেবা ও সমাজকল্যাণ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ের সম্মানজনক BPA Best Professional Award 2026 (Season-02) অর্জন করেছেন তরুণ অডিওলজিস্ট ও স্পিচ-ল্যাংগুয়েজ প্যাথলজিস্ট আহনাফ হাসান সোহাম।
গত ২০ জুন ঢাকার সেগুনবাগিচাস্থ সেন্ট্রাল কচিকাঁচা অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা পেশাজীবী, উদ্যোক্তা, সমাজসেবক ও উদ্ভাবকদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে “Medical Care & Social Work” ক্যাটাগরিতে আহনাফ হাসান সোহামের হাতে BPA Best Professional Award 2026 তুলে দেওয়া হয়।
ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা আহনাফ হাসান সোহাম রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP) থেকে অডিওলজি ও স্পিচ-ল্যাংগুয়েজ প্যাথলজি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাজীবন থেকেই শ্রবণ প্রতিবন্ধী, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং যোগাযোগ বৈকল্যসম্পন্ন মানুষের জন্য কাজ করার প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়। কর্মজীবনে তিনি NDDC, বগুড়া, আবিদ হিয়ারিং সেন্টার এবং অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র, ময়মনসিংহে কনসালট্যান্ট (স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপি) হিসেবে কর্মরত রয়েছেন।
পেশাগত জীবনে তিনি অটিজম, নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটি (NDD), ভাষা বিলম্ব, বুদ্ধিপ্রতিবন্ধিতা, সেরিব্রাল পালসি, শ্রবণ প্রতিবন্ধিতা, স্ট্রোক-পরবর্তী বাক্ ও ভাষাগত সমস্যা এবং বিভিন্ন ধরনের যোগাযোগ বৈকল্য নিয়ে কাজ করে আসছেন। তাঁর উদ্যোগে ময়মনসিংহ অঞ্চলে প্রায় দুই হাজারেরও বেশি ব্যক্তি ও শিশুকে বিনামূল্যে শ্রবণ, বাক্ ও ভাষা বৈকল্য সংক্রান্ত মূল্যায়ন, পরামর্শ ও থেরাপি সেবা প্রদান করা হয়েছে।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে আহনাফ হাসান সোহাম বলেন, “এই সম্মাননা আমার একার নয়। এটি আমার বাবা-মা, পরিবার, শিক্ষক, সহকর্মী, রোগী এবং তাদের অভিভাবকদের ভালোবাসা ও বিশ্বাসের ফল। যেসব শিশু ও পরিবার প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে, তাদের মুখে হাসি ফোটাতে পারাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এখনও শ্রবণ, বাক্ ও ভাষা বৈকল্য বিষয়ে পর্যাপ্ত সচেতনতা ও সেবা পৌঁছায়নি। আমি চাই দেশের প্রতিটি মানুষ প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ পাক এবং কোনো শিশু শুধুমাত্র সঠিক থেরাপির অভাবে পিছিয়ে না থাকুক।”
সংশ্লিষ্টদের মতে, স্বাস্থ্যসেবা ও সমাজকল্যাণ খাতে তাঁর মানবিক দৃষ্টিভঙ্গি, পেশাগত দক্ষতা ও সেবামূলক কার্যক্রমের স্বীকৃতি হিসেবেই তিনি BPA Best Professional Award 2026 অর্জন করেছেন।