
মো. রতন মিয়া, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
পীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৮৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও একটি মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২১ জুন) রাত ৮টা ৪৫ মিনিটে উপজেলার মদনখালী ইউনিয়নের উল্লাগাড়ী এলাকায় একটি স-মিলের পেছনে পরিত্যক্ত আবাদি জমিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি নুর মোহাম্মদ হুমায়ুন কবির (৪০)। তিনি উপজেলার মদনখালী ইউনিয়নের উল্লাগাড়ী গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হুমায়ুন কবিরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচটি পলিপ্যাকেটে রাখা মোট ৮৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৬ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
অভিযানকালে একটি নকিয়া মোবাইল ফোন এবং মাদক বিক্রির অর্থ হিসেবে সন্দেহভাজন ৮৬ হাজার ৪৫০ টাকা নগদ জব্দ করা হয়।
এ ঘটনায় পীরগঞ্জ থানা-য় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।