উচ্ছেদ অভিযানে দখলমুক্ত হলো রামপালের চামারখালী খাল


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৬-২২, ১:০৩ PM /
উচ্ছেদ অভিযানে দখলমুক্ত হলো রামপালের চামারখালী খাল

 মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল উপজেলা প্রতিনিধি

রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের চামারখালী খাল থেকে দীর্ঘদিনের অবৈধ বাঁধ অপসারণ করে খালটি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২২ জুন) সকাল থেকে উপজেলার ৭নং পেড়িখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চামারখালী এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। অভিযানে উপজেলা প্রশাসন, পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।

জানা যায়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপির নির্দেশনায় উপজেলার গুরুত্বপূর্ণ এই খাল থেকে দীর্ঘদিনের অবৈধ বাঁধ অপসারণের উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয় কৃষক ও বাসিন্দাদের অভিযোগ ছিল, খালের ওপর অবৈধভাবে বাঁধ নির্মাণের ফলে বর্ষা মৌসুমে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল। এতে শত শত একর কৃষিজমি পানিতে তলিয়ে যেত এবং কৃষকদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হতো। পাশাপাশি খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় পরিবেশ ও জলজ জীববৈচিত্র্যও ক্ষতিগ্রস্ত হচ্ছিল।

বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে এলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তার নির্দেশনার পরিপ্রেক্ষিতে সোমবার পরিচালিত অভিযানে ভারী যন্ত্রপাতির সাহায্যে খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ সম্পূর্ণরূপে অপসারণ করা হয়।

উচ্ছেদ অভিযানের পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় কৃষকদের ভাষ্য, দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্তি পাওয়ায় এখন কৃষিজমির ফসল রক্ষার আশা তৈরি হয়েছে।

রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী বলেন, “পরিবেশ ও জলবায়ুর ক্ষতি হয় এমন যেকোনো অবৈধ স্থাপনার বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। প্রতিমন্ত্রীর নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলার অন্যান্য খাল-বিলে অবৈধ স্থাপনা চিহ্নিত হলে পর্যায়ক্রমে সেগুলোও অপসারণ করা হবে।”

সচেতন মহল মনে করছে, পরিবেশ ও কৃষি সুরক্ষায় এ ধরনের সময়োপযোগী পদক্ষেপ স্থানীয় জনগণের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। তারা অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।