ভৈরবে ঘুষের অভিযোগে অডিট কর্মকর্তা আটক


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৬-২২, ১:০৬ PM /
ভৈরবে ঘুষের অভিযোগে অডিট কর্মকর্তা আটক

মোঃ নাঈম মিয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি

ভৈরব উপজেলা হিসাবরক্ষণ অফিসের সদ্য পদোন্নতিপ্রাপ্ত অডিট কর্মকর্তা হৃদয় মিয়া ঘুষ গ্রহণের অভিযোগে আটক হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (২১ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গজারিয়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্পের অর্থ ছাড় এবং সংশ্লিষ্ট ফাইল প্রক্রিয়াকরণকে কেন্দ্র করে অর্থ লেনদেনের সময় তাকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, এ সময় ডিজিএফআই-এর এক কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

পরে হৃদয় মিয়াকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, বিভিন্ন ফাইল অনুমোদন ও নিষ্পত্তির জন্য অর্থ দাবি করা হচ্ছিল।

গজারিয়া ইউনিয়ন পরিষদের সচিব প্রদীপ চন্দ্র দাস দাবি করেন, ২১টি ফাইলের বিপরীতে মোট ২১ হাজার টাকা দাবি করা হয়েছিল। ওই দাবির অংশ হিসেবে তিনি রোববার সকালে ৭ হাজার টাকা প্রদান করেন এবং তখনই ঘটনাটি প্রকাশ্যে আসে।

তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন অডিট কর্মকর্তা হৃদয় মিয়া। তিনি বলেন, এটি একটি পরিকল্পিত ঘটনা। তার দাবি, অফিসে প্রবেশের সময় হ্যান্ডশেকের মাধ্যমে তার হাতে টাকা ধরিয়ে দেওয়া হয় এবং পরে সেটিকে ঘুষ হিসেবে উপস্থাপন করা হয়েছে। তিনি কোনো ধরনের অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত নন বলেও দাবি করেন।

এ বিষয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সোহেল মিয়া বলেন, তিনি সম্প্রতি এই উপজেলায় যোগদান করেছেন। অভিযোগের বিষয়টি অবগত হয়েছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে উপজেলা হিসাবরক্ষণ অফিসে ফাইল অনুমোদন ও স্বাক্ষরের বিনিময়ে অর্থ লেনদেনের অভিযোগ শোনা যাচ্ছিল। সর্বশেষ এ ঘটনায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।