
মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল উপজেলা প্রতিনিধি
বাগেরহাটের মোংলা উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ একই পরিবারের সাত সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের দত্তেরমেঠ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন—সন্দীপ মন্ডল (৬৫), গোপাল চন্দ (৪২), মনোজিত মন্ডল (৪২), শিপু মন্ডল (২৪), রিম্পা মন্ডল (২২), নিপু মন্ডল (৩৪) ও কল্পনা মন্ডল (৫৫)।
ভুক্তভোগী পরিবার ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, সন্দীপ মন্ডলের সঙ্গে প্রতিবেশী লুৎফর ফকিরের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এবং একজন আমিনের মাধ্যমে জমি পরিমাপের সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন হামলা চালালে পরিবারের সাত সদস্য আহত হন বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, জমি পরিমাপকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পরে তা সংঘর্ষে রূপ নিলে কয়েকজন আহত হন।
ঘটনার পর ভুক্তভোগী পরিবার লুৎফর ফকির, রজব আলী, ফাহাদ ফকির ও বিধান মন্ডলের নাম উল্লেখসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মোংলা থানায় মামলা দায়ের করেছে।
অভিযুক্তদের বক্তব্য জানতে প্রধান অভিযুক্তের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।