
মারুফ কবীর, যশোর
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’ (নাম পরিচয় অনুযায়ী) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে তার বাড়ির পাশের একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাইদ সরদার রঘুরামপুর গ্রামের নয়া সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে বাড়ির পাশের ঝোপের মধ্যে রক্ত দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে ঘটনাস্থলে গিয়ে তারা একজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে মরদেহটি সাইদ সরদারের বলে শনাক্ত করা হয়। মরদেহের পাশেই একটি ধারালো চাকু পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে।
স্থানীয়দের ধারণা, পূর্ব বিরোধ বা অন্য কোনো কারণকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি জানান, ঘটনার নেপথ্যের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ কাজ করছে।