
মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপাল প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির নির্দেশনায় সর্বসম্মতিক্রমে ২৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ২৫ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রামপাল প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত সদস্যদের প্রস্তাবের ভিত্তিতে প্রেস ক্লাবের মূল নেতৃত্ব নির্বাচন করা হয়। সভাপতি পদে মোঃ শাহজালাল গাজীর নাম প্রস্তাব করেন মোঃ রাকিবুল ইসলাম সুমন ও মোঃ আব্দুল্লাহ শেখ। পরে সভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়।
সাধারণ সম্পাদক পদে মোঃ সাগর আহম্মেদ এবং সাংগঠনিক সম্পাদক পদে শেখ মাসুম বিল্লাহর নাম প্রস্তাব করা হয়। উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে পর্যায়ক্রমে অন্যান্য পদেও দায়িত্ব দেওয়া হয়।
সভা শেষে দপ্তর সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম সুমন রামপাল প্রেস ক্লাবের ২৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি মোঃ শাহজালাল গাজী বলেন, “আমাকে পুনরায় নির্বাচিত করে যে আস্থা ও ভালোবাসার প্রকাশ আপনারা ঘটিয়েছেন, তার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। রামপাল প্রেস ক্লাবের সকল সদস্যকে সঙ্গে নিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা এবং প্রেস ক্লাবের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সাগর আহম্মেদ বলেন, “রামপাল প্রেস ক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। সংগঠনের প্রতিটি কার্যক্রম সুসংগঠিতভাবে পরিচালনায় সকলের সহযোগিতা কাম্য।”
সাংগঠনিক সম্পাদক শেখ মাসুম বিল্লাহ বলেন, “প্রেস ক্লাবকে প্রাতিষ্ঠানিকভাবে আরও শক্তিশালী করতে এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব।”
সহ-সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, “একটি সুসংগঠিত প্রেস ক্লাব সবসময় সমাজের বস্তুনিষ্ঠ চিত্র তুলে ধরতে ভূমিকা রাখে। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে রামপাল প্রেস ক্লাব আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।”
কমিটি প্রকাশ শেষে উপস্থিত সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।