
মাজারুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস ও দুটি বাইসাইকেল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৩০ আগস্ট) রাত ২টা ১৫ মিনিটের দিকে পাটগ্রাম উপজেলার ধরলার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় এসব পণ্য পাওয়া যায়।
বিজিবি জানায়, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অধীনস্থ ধরলা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। টহলকালে ধরলার মোড়ের সরকারহাট এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস ও দুটি বাইসাইকেল দেখতে পায় টহলদল। পরে সেগুলো জব্দ করা হয়।
আটক পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস ৩৩৩টি এবং জেড মাস্টার গোল্ড ব্র্যান্ডের দুটি ভারতীয় বাইসাইকেল। এসব পণ্যের আনুমানিক মূল্য ১ লাখ ২ হাজার ৩৭০ টাকা।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও অবৈধভাবে ভারতীয় পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।