
মো. রতন মিয়া, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে জিনিয়াস একাডেমিক কেয়ারে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার কছিমন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা গ্রহণ, নৈতিকতা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সাইফুল ইসলাম বলেন, মাদক একটি সমাজ ও প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে হবে। একই সঙ্গে মাদক নির্মূলে সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, “পীরগঞ্জে কোনো মাদকের চিহ্ন থাকতে দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। ভালো ফলাফলের পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্যও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাকির হোসেন, পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম সেবু ও পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ মন্ডল।
এ ছাড়া জিনিয়াস একাডেমিক কেয়ারের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শতাধিক কৃতি শিক্ষার্থীর হাতে সংবর্ধনা ও সম্মাননা তুলে দেওয়া হয়।