
নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে আরাফাত মোল্যা (৩৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (৫ অক্টোবর) রাত ১২টার দিকে বাড়ির পাশে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, মাদক বেচাকেনার বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে নিহতের স্বজনদের দাবি, জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে।
নিহত আরাফাত মোল্যা দেবদুন গ্রামের মকিদুল মোল্যার ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে নড়াগাতী থানায় মাদক, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে।
নিহতের স্বজনদের অভিযোগ, পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি রাতে আরাফাতকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যান। পরে বাড়ির পাশে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয় বলে দাবি করেন স্বজনরা।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরাফাতকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা সামাজিক যোগাযোগমাধ্যমে পূর্ববিরোধের জেরে হত্যাকাণ্ডের অভিযোগ তুলে বিভিন্ন বক্তব্য প্রচার করছেন।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, আরাফাত মোল্যার বিরুদ্ধে থানায় মাদক, চুরি ও ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মাদক বেচাকেনার বিরোধের জেরে একই গ্রামের ৪-৫ জন ব্যক্তি তাকে হত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।