

মোঃ ফেরদৌস মোল্লাহ্,পিরোজপুর জেলা প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও অননুমোদিত রং ব্যবহারের অভিযোগে ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মিষ্টি তৈরির জন্য রাখা ছানা জব্দ করে ধ্বংস করা হয়।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসানের নেতৃত্বে ভাণ্ডারিয়া পৌরসভার পপুলার রোডে অবস্থিত ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানটির মিষ্টি তৈরির পরিবেশ, ব্যবহৃত উপকরণ ও খাদ্যমান পরীক্ষা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের পাশাপাশি মিষ্টিতে অননুমোদিত রং ব্যবহারের বিষয়টি ধরা পড়ে। পরে মিষ্টি তৈরির জন্য রাখা ছানা জব্দ করে আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোস্তফা হাওলাদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি উপজেলার লক্ষ্মীপুর গ্রামের দাদন আলী হাওলাদারের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য উৎপাদনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা জরুরি। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং খাদ্যে অননুমোদিত রং ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :