
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বেলা ২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রেস কনফারেন্সে উপস্থিত সাংবাদিকদের ফ্যামিলি কার্ড কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভিন, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন রাজু, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন ও বিএনপি নেত্রী মহুয়া নূর কচি।
এ ছাড়া উপস্থিত ছিলেন বড়াল প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান মেমন, স্মার্ট প্রেসক্লাবের সভাপতি সাইফুর রহমান, উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান, ইউনিটি প্রেসক্লাবের সভাপতি মাহাবুব হোসেন এবং রিপোর্টার্স ক্লাবের সভাপতি হযরত আলী।
এর আগে প্রজেক্টরের মাধ্যমে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করা হয়। সেখানে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও তথ্য সংগ্রহ কার্যক্রম শুরুর ঘোষণা দেন।
প্রেস কনফারেন্সে জানানো হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাবলম্বী পরিবার গড়ার লক্ষ্য নিয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বুধবার থেকে শুরু হবে। বড়াইগ্রাম উপজেলায় মোট ৮৯ হাজার ৮১২টি পরিবার রয়েছে। এসব পরিবারের তথ্য সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তথ্য সংগ্রহের কাজে ইলেকট্রনিক ডিভাইস ট্যাব ব্যবহার করা হবে। এ জন্য ১২৭ জন তথ্য সংগ্রহকারী ও ১৩ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। তাঁরা উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভায় তথ্য সংগ্রহের কাজ পরিচালনা করবেন।
এ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচার ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।