
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি: তৌফিক জামান
লালমনিরহাটের কালীগঞ্জে জমিতে থাকা ফলজ লটকন গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে বিরোধ, গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা ও প্রতিকার চেয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আব্দুল হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাকিনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গোপালরায় এলাকায় গত ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযোগকারী আব্দুল হোসেনের দাবি, তাঁর ভোগদখলীয় জমিতে থাকা চার থেকে পাঁচটি ফলজ লটকন গাছের ডাল কেটে দেওয়া হয়েছে। এতে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।
আব্দুল হোসেনের অভিযোগ, গাছের ডাল কাটার বিষয়টি দেখে তিনি বাধা দিতে গেলে বিবাদীরা তাঁকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এ সময় প্রতিবাদ করায় তাঁকে হুমকি দেওয়া হয়। একপর্যায়ে এক বিবাদী লাঠি হাতে তাঁর দিকে তেড়ে আসেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ভবিষ্যতে গাছের ডাল কাটার বিষয়ে কোনো কথা বললে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মারধরসহ গুরুতর ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন।
লিখিত অভিযোগে প্রতিবেশী লিয়ন মিয়াকে এক নম্বর অভিযুক্ত করে আরও কয়েকজনকে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরে মাওলা বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”