
সৈকত আহমেদ, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক হিন্দু বিধবা নারীর মাঝে নতুন শাড়ি উপহার দিয়েছেন বিএনপি নেতা ও সমাজসেবক আসাদুজ্জামান আসাদ। শুক্রবার ও শনিবার (১৬ ও ১৭ অক্টোবর) দুই দিনব্যাপী উপজেলার বনপাড়া পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে তিনি এসব শাড়ি বিতরণ করেন।
আসাদুজ্জামান আসাদ উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। তাঁর এ উদ্যোগে পূজার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি অসচ্ছল বিধবা নারীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে।
শাড়ি বিতরণ প্রসঙ্গে আসাদুজ্জামান আসাদ বলেন, “আমার মা যুক্তরাজ্যে থাকেন। মা অনেক দূরে থাকায় আমি মায়ের শূন্যতা অনুভব করি। আমি বুঝি, বিধবা মায়েরা কীভাবে দিনযাপন করেন। তাঁদের কষ্টের কথা ভাবলে আমারও কষ্ট হয়। সেই কষ্টকে আনন্দে রূপান্তরিত করতেই আমার এই ছোট্ট উদ্যোগ। বিধবা মায়েদের মুখে হাসি ফোটাতে পারলেই আমার উদ্যোগ সার্থক হবে।”
বড়াইগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র দাস বলেন, এ এলাকায় এবারই প্রথম পূজা উপলক্ষে বিধবা নারীরা একযোগে নতুন শাড়ি পেয়েছেন। তাঁর মতে, এই উদ্যোগ প্রশংসনীয়।
শাড়ি বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মকবুল হোসেন, মাঝগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হান্নান সরকার, উপজেলা তাঁতীদলের সভাপতি খন্দকার আব্দুস সালাম, কালিকাপুর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম মৃধা, গুনাইহাটি ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম এবং দিয়ারপাড়া ওয়ার্ড বিএনপির সাবেক নেতা আশরাফুল ইসলাম ইদ্রিস।
এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।