
জাহিদুল হক বাবু, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাড়ামারা গ্রামে রাতের আঁধারে দুই কৃষকের পুঁইশাকের গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। ফসল সংগ্রহের মাত্র ১৫ দিন আগে এমন ঘটনায় তাঁদের স্বপ্ন ভেঙে গেছে।
রোববার (২৫ অক্টোবর) রাতে গ্রামের কুড়ির মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দুই কৃষক হলেন আল আমিন ও বাহার আলী। তাঁদের প্রায় ২০ শতক জমিতে চাষ করা পুঁইশাকের গাছ কেটে দেওয়ায় তাঁরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক বাহার আলী জানান, দীর্ঘদিনের পরিশ্রম ও অর্থ ব্যয় করে তাঁরা পুঁইশাক চাষ করেছিলেন। ফসল বিক্রি করে সংসারের খরচ মেটানোর পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু ফসল সংগ্রহের ঠিক আগমুহূর্তে গাছ কেটে দেওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে গেছে।
অন্যদিকে, কৃষক আল আমিনও এ ঘটনায় প্রায় ১ লাখ টাকা ক্ষতির কথা জানিয়েছেন। তবে কারা এবং কী কারণে পুঁইশাকের গাছ কেটে দিয়েছে, তা এখনো জানা যায়নি।
এ বিষয়ে হলিধানী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মফিজ উদ্দিন বলেন, “ঘটনাটি সত্যিই দুঃখজনক। আল আমিন ও বাহার আলীর ২০ শতক জমির পুঁইশাকের গাছ কে বা কারা কেটে দিয়েছে। এতে তাঁদের ব্যাপক ক্ষতি হয়েছে।”
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ফসল সংগ্রহের আগে এমন ক্ষতির ঘটনায় কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।