
নাজমুল হোসেন, সিলেট প্রতিনিধি:
সিলেট নগরের দক্ষিণ সুরমার চণ্ডীপুল সিএনজি স্টেশনে অটোরিকশার চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির অভিযোগ উঠেছে। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায়ের পাশাপাশি প্রতিবাদ করলে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।
যাত্রীদের অভিযোগ, চণ্ডীপুল থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত অটোরিকশার নির্ধারিত ভাড়া ৩০ টাকা। তবে বর্তমানে যানজটসহ বিভিন্ন অজুহাতে চালকরা যাত্রীদের কাছ থেকে ৪০ টাকা করে আদায় করছেন। একইভাবে চণ্ডীপুল থেকে বন্দরবাজার পর্যন্ত নিয়মিত ভাড়া ২৫ টাকা হলেও নেওয়া হচ্ছে ৩০ টাকা।
প্রতিদিন এসব রুটে অসংখ্য মানুষ যাতায়াত করেন। বিশেষ করে চিকিৎসার প্রয়োজনে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসা অসুস্থ রোগী ও তাঁদের স্বজনদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। এতে সীমিত আয়ের মানুষ ও সাধারণ যাত্রীরা আর্থিক ভোগান্তিতে পড়ছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, কোনো যাত্রী নির্ধারিত ভাড়া দিতে চাইলে চালকদের কেউ কেউ দুর্ব্যবহার করেন। এমনকি অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকৃতি জানালে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার ঘটনাও ঘটছে।
যাত্রীরা আরও অভিযোগ করেন, কোনো প্রশাসনিক অনুমোদন ছাড়াই চালকদের একটি অংশ নিজেদের ইচ্ছামতো বাড়তি ভাড়া আদায় করছে। এ ক্ষেত্রে সমন্বিতভাবে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা তৈরি হয়েছে বলেও তাঁদের দাবি। প্রতিবাদ করতে গেলে সাধারণ যাত্রীদের চালকদের বিরূপ আচরণের মুখে পড়তে হচ্ছে।
এ পরিস্থিতিতে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। তাঁরা সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি), দক্ষিণ সুরমা থানা পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়মিত তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনার দাবি জানিয়েছেন।
যাত্রীদের প্রত্যাশা, অটোরিকশার ভাড়া নির্ধারণ ও আদায়ের ক্ষেত্রে শৃঙ্খলা নিশ্চিত করা হবে। অন্যথায় সাধারণ মানুষের এই ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।