মো. রতন মিয়া | পীরগঞ্জ (রংপুর) উপজেলা প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে ভূমিহীন নেতা জয়নাল আবেদীনের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার পাঁচগাছী ইউনিয়ন পরিষদ চত্বরে ভূমিহীন কল্যাণ সমিতি, পীরগঞ্জের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমিহীন কল্যাণ সমিতির নেতা আশরাফ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।
এ সময় সমিতির সহসভাপতি রুজিনা সরেনসহ স্থানীয় ভূমিহীন সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্মরণসভায় বক্তারা বলেন, ভূমিহীন মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে জয়নাল আবেদীনের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ ও সংগ্রামী চেতনাকে ধারণ করে ভূমিহীন মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
সভায় ভূমিহীন মানুষের অধিকার প্রতিষ্ঠা, জীবনমান উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।