
নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে আফসার শেখ (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে খাইরুল শেখের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খাইরুল শেখ বেকার ছিলেন। তিনি মাদকাসক্ত বলে অভিযোগ রয়েছে। নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মায়ের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হতো। টাকা না পেলে বাড়ির জিনিসপত্র ভাঙচুর করতেন বলেও অভিযোগ করেন স্থানীয়রা।
বৃহস্পতিবার দুপুরেও টাকা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর বিরোধ হয়। একপর্যায়ে খাইরুল তাঁর বাবা আফসার শেখের হাত, বুক, পেট ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা উপস্থিত থাকলেও ভয়ে তাঁকে বাধা দিতে পারেননি বলে জানা গেছে। বাবাকে কুপিয়ে আহত করার পর খাইরুল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ বিষয়ে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান বলেন, “মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুনের ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনার পর থেকে ঘাতক পলাতক। ঘটনার সঙ্গে জড়িতকে আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আটক করতে চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।