মোঃ আতাউর রহমান, নাচোল প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথির বক্তব্য দেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন নাচোল স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম ওয়াহেদ আলী।
সভায় হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, রোগীদের সেবার মান বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, ওষুধ সরবরাহ, চিকিৎসক ও জনবলের উপস্থিতি এবং শীতকালীন রোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় বক্তারা বলেন, সরকারি হাসপাতালের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতে চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে হবে। রোগীদের যথাসময়ে চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালকে দালালমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবী, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকমল দেবনাথ, নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হক, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাচোল উপজেলা শাখার আমির ইয়াকুব আলী, পৌর শাখার আমির মনিরুল ইসলাম, উপজেলা শাখার নায়েবে আমির রফিকুল ইসলাম, নাচোল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ইব্রাহীম বাবু, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক, বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলামসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, স্থানীয় সাংবাদিক ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
সভা শেষে অতিথিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং হাসপাতালের সার্বিক পরিবেশ ও চিকিৎসাসেবার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।