
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার অসুস্থ দুই বোনের চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন জাতীয় পর্যায়ে পরিচিত নারী ফুটবলার সুরভী ইসলাম। সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে আবেগঘন পোস্ট দিয়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে বিত্তবানসহ সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, দুই বোনের মধ্যে বড় বোন দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন। তার চিকিৎসায় প্রয়োজন হচ্ছে বিপুল অর্থের। এরই মধ্যে ছোট বোন দুর্ঘটনায় পড়ে পায়ে গুরুতর আঘাত পেয়েছে। হঠাৎ পড়ে গিয়ে তার পায়ের হাড় ভেঙে যাওয়ায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছে সে।
একসঙ্গে দুই মেয়ের অসুস্থতায় চরম বিপাকে পড়েছেন তাদের দিনমজুর মা-বাবা। সীমিত আয়ের কারণে দুই সন্তানের চিকিৎসার ব্যয় বহন করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ফুটবলার সুরভী ইসলাম।
নিজের ফেসবুক পোস্টে সুরভী ইসলাম লিখেছেন, “ছোট্ট একটা শরীর, বড় একটা অসুখ। কিন্তু আমরা যদি সবাই মিলে একটু একটু করে সাহায্য করি, তবে বড় একটা মূল্যবান জীবন বেঁচে যাবে। এই চঞ্চল বোন দুটিকে আবার সুস্থ জীবনে ফিরিয়ে আনতে আসুন আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াই।”
সুরভী ইসলামের এই মানবিক আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ক্রীড়া অনুরাগী ও সাধারণ মানুষ। অসুস্থ দুই বোনের চিকিৎসায় সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
অসুস্থ দুই বোনের চিকিৎসায় আর্থিক সহায়তা পাঠাতে পরিবারের পক্ষ থেকে নিচের বিকাশ ও নগদ নম্বর দেওয়া হয়েছে।
বিকাশ ও নগদ (পার্সোনাল): ০১৯১৩৬১৬৮৫০
আসুন, যার যার সামর্থ্য অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দিই। আমাদের সামান্য সহযোগিতা অসুস্থ দুই বোনের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর সুযোগ তৈরি করতে পারে।