
নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল জেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক পদসহ বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠনের রাজনৈতিক কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মোহাম্মদ সবুজ শিকদার। শারীরিক অসুস্থতা ও মায়ের মৃত্যুর কারণ উল্লেখ করে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে একজন সাধারণ নাগরিক হিসেবে জীবনযাপন করতে চান বলেও জানিয়েছেন তিনি।
রবিবার (৮ নভেম্বর) নড়াইলের আউড়িয়া এলাকায় সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন সবুজ শিকদার। তিনি জেলার সীমাখালী এলাকার মোহাম্মদ আলমগীর শিকদারের ছেলে। পেশায় তিনি একজন ব্যবসায়ী।
সংবাদ সম্মেলনে সবুজ শিকদার বলেন, শারীরিক অসুস্থতা ও মায়ের মৃত্যুর কারণে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে একজন সাধারণ নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রচলিত আইন-কানুন মেনে চলবেন এবং রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়াবেন না বলে অঙ্গীকার করেন তিনি।
তিনি আরও বলেন, অতীতে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বিরোধী দলের নেতাকর্মীদের সঙ্গে কখনো শত্রুতাপূর্ণ সম্পর্ক রাখেননি। বরং সমন্বয় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছেন। রাজনৈতিক পরিচয়ের বাইরে থেকে একজন সাধারণ নাগরিক হিসেবে শান্তিপূর্ণ ও স্বাভাবিক জীবনযাপন করতে চান।
পদত্যাগের ঘোষণায় সবুজ শিকদার বলেন, “আমি এ ঘোষণার মধ্য দিয়ে ছাত্রলীগের পদসহ আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠনের রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি।”