
নবীন মাহমুদ, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে টমটমের ধাক্কায় সিফাত (৫) নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী সমবায় এলাকায় আশ্রাফুল মাদারিস কওমি মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিফাত বড় কৈবর্তখালী এলাকার আব্দুল নূরের ছোট ছেলে।
প্রত্যক্ষদর্শী ও আশ্রাফুল মাদারিস কওমি মাদ্রাসার শিক্ষক ইব্রাহিম জানান, তিনি ঘুম থেকে উঠে পুকুরের ঘাটে বসে দাঁত ব্রাশ করছিলেন। এ সময় পাশে একটি বাস ও অটোরিকশার চালকের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। তিনি সেদিকে তাকিয়ে ছিলেন। এমন সময় ভান্ডারিয়ার দিক থেকে আসা একটি টমটম পেছন থেকে শিশুটিকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়।
তিনি বলেন, “আমি দৌড়ে এসে শিশুটিকে উদ্ধার করি। টমটমের দিকে আর তাকানো হয়নি।”
ইব্রাহিম আরও জানান, টমটমের ধাক্কায় শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
শিশু সিফাতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।