
মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ জুবাইর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসি। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মোঃ শাহআলম শেখ।
সভা শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রামপাল উপজেলা মডেল মসজিদের ইমাম আব্দুল হান্নান। গীতা পাঠ করেন রামপাল দোয়েল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি দ্বিজেন্দ্র লাল মল্লিক। স্বাগত বক্তব্য দেন সহকারী পরিদর্শক মোঃ শাহআলম শেখ।
আলোচনা সভায় বক্তব্য দেন রাজনগর সূর্যমুখী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সদস্য চপল সরকার, গিলাতলা চামড়াজাতপণ্য উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের সদস্য নাজমা বেগম, কালব লিমিটেডের ব্যবস্থাপক মোর্তজা আনোয়ার, কালব লিমিটেডের রামপাল শাখার চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রামপাল এরিয়া কো-অর্ডিনেশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, উপজেলা জামায়াতের সভাপতি মল্লিক আব্দুল হাই, ফয়লাহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সদস্য আলতাফ হোসেন বাবু এবং রামপাল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সুব্রত বিশ্বাস।
বক্তারা বলেন, স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অপরিসীম। সমবায় সমিতিগুলো সততা, স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে পরিচালিত হলে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
তারা আরও বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক অংশগ্রহণ বাড়ানো গেলে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।