
নিজস্ব প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার সোনাদহ উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে সব কক্ষ তালাবদ্ধ পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তকী ফয়সল তালুকদার। বুধবার (১১ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে তিনি এ চিত্র দেখতে পান। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে চাকরি থেকে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন তিনি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় বন্ধ রাখা এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনার অভিযোগ পেয়ে ইউএনও নিজেই বিদ্যালয়টি পরিদর্শনে যান। এ সময় বিদ্যালয়ের সব কক্ষ তালাবদ্ধ দেখতে পান তিনি। স্থানীয়দের কাছ থেকেও প্রধান শিক্ষক ও শিক্ষকদের দায়িত্বে অবহেলার বিষয়ে বিভিন্ন অভিযোগ শোনেন।
তবে বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিজুল ইসলাম বলেন, দশম শ্রেণির বার্ষিক পরীক্ষা চলায় নিয়মিত ক্লাস শেষে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়। পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। পরীক্ষার এই কয়েক দিন টিফিনের খাবার শেষে দুপুর ১টা ৪৫ মিনিট থেকে ২টার মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যালয় ছুটি দেন। কয়েকটি শিক্ষকের পদ শূন্য থাকায় পাঠদান কিছুটা ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, সোনাদহ উচ্চ বিদ্যালয়ে ১২ জন শিক্ষক ও চারজন কর্মচারী রয়েছেন। শিক্ষার্থী সংখ্যা ১৫১ জন। এর মধ্যে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে প্রায় ১২০ জন। চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টির পাসের হার ছিল ৬২ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে একজন জিপিএ-৫ পেয়েছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুজ্জামান দায়িত্ব গ্রহণের পর থেকেই দায়িত্ব পালনে অবহেলা করে আসছেন। তাঁর স্ত্রীর চাকরির সুবাদে তিনি নাটোরে অবস্থান করেন বলেও দাবি তাঁদের।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুজ্জামান নাটোরে অবস্থানের বিষয়টি স্বীকার করে বলেন, বিদ্যালয় পরিদর্শনের বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলার জন্য তিনি যাচ্ছেন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবু জাফর আলীর বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সল তালুকদার বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দুপুর ২টা ৩০ মিনিটে সোনাদহ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে সব কক্ষ তালাবদ্ধ পাওয়া যায়। সরকারি বিধি অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয় খোলা রাখার কথা। বিদ্যালয়ের অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার বিষয়টি তদন্ত করে প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে চাকরি থেকে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিদর্শনের ছবি ও ভিডিও তদন্তের প্রমাণক হিসেবে ইউএনও তাঁর সরকারি ফেসবুক পেজে প্রকাশ করেছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম ও অব্যবস্থাপনা রোধে উপজেলা প্রশাসনের নিয়মিত পরিদর্শন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।