
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারে মাদক, জুয়া, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ ও অবক্ষয় প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোকিত লালমনিরহাট তুষভান্ডার ইউনিয়ন অ্যাকশন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) তুষভান্ডার জেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় তুষভান্ডার ইউনিয়ন অ্যাকশন কমিটির প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত লালমনিরহাট উপজেলা অ্যাকশন কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এবং উপজেলা অ্যাকশন কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম, উপজেলা অ্যাকশন কমিটির সদস্য জাহাঙ্গীর আলম আঙ্গুরসহ তুষভান্ডার ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড অ্যাকশন কমিটির নেতৃবৃন্দ।
সভায় মাদক, জুয়া, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক জবাবদিহি নিশ্চিত এবং তৃণমূল পর্যায়ে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সামাজিক অপরাধ নির্মূলে শুধু প্রশাসনিক পদক্ষেপ যথেষ্ট নয়।
এ ক্ষেত্রে পরিবার, সমাজের সচেতন নাগরিক, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সবার আন্তরিক প্রচেষ্টায় মাদক, জুয়া, বাল্যবিবাহসহ নানা সামাজিক ব্যাধি প্রতিরোধ করা সম্ভব। সভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আলোকিত লালমনিরহাটের কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করার পাশাপাশি স্থানীয় সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করে সম্মিলিতভাবে প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।